
নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকারি সিদ্ধান্তে আজ থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে শিল্পাঞ্চলের পোশাক কারখানাসমূহ। ফলে ভোট দিতে গ্রামের বাড়ি ফিরতে শুরু করেছেন সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের লাখো পোশাক শ্রমিক। গতকাল সোমবার শেষ কর্মদিবসের পর থেকেই ঘরমুখো মানুষের ঢল নামে বাস স্ট্যান্ডগুলোতে।
সোমবার সন্ধ্যা থেকে সাভারের হেমায়েতপুর, আশুলিয়ার বিশমাইল, নবীনগর ও বাইপাইলসহ গুরুত্বপূর্ণ বাস স্টপগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় ও দীর্ঘ অপেক্ষা লক্ষ্য করা গেছে।
বাস কাউন্টারে অপেক্ষারত যাত্রীদের সিংহভাগই তৈরি পোশাক কারখানার শ্রমিক। তারা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশগ্রহণের সুযোগ করে দিতে ১০ ফেব্রুয়ারি থেকে কারখানা ছুটি দেওয়া হয়েছে।
এক পোশাক শ্রমিক জানান, অনেকদিন পর ভোট দেওয়ার সুযোগ পাচ্ছি, তাই সপরিবারে বাড়ি যাচ্ছি। নির্বাচনের আগে ছুটি দিয়ে ভোট দেওয়ার সুযোগ তৈরি করে দেওয়ায় আমরা সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞ।
তবে বাড়ি ফেরার আনন্দের মাঝেই শ্রমিকদের প্রধান অভিযোগ হয়ে দাঁড়িয়েছে পরিবহনের বাড়তি ভাড়া। যাত্রীদের দাবি, যাত্রীর অতিরিক্ত চাপকে পুঁজি করে পরিবহন শ্রমিকরা ক্ষেত্রবিশেষে দ্বিগুণ ভাড়া আদায় করছেন।
ভুক্তভোগী যাত্রীরা জানান, বাইপাইল ও নবীনগর থেকে উত্তরবঙ্গগামী বাসগুলোতে স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি ভাড়া চাওয়া হচ্ছে। লোকাল বাসগুলোও সুযোগ বুঝে ভাড়ার হার বাড়িয়ে দিয়েছে। টিকিট সংকটের কারণে অনেককে খোলা ট্রাকে বা বাসের ছাদে চড়েও গন্তব্যে রওনা হতে দেখা গেছে।
পরিবহন সংশ্লিষ্টরা অতিরিক্ত ভাড়ার কথা অস্বীকার করলেও যাত্রীর চাপের বিষয়টি স্বীকার করেছেন। এদিকে, সাধারণ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অতিরিক্ত ভাড়া আদায় রোধে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। তবে পোশাক শ্রমিকদের দাবি, নজরদারি আরও বাড়ানো না হলে দরিদ্র শ্রমিকদের জন্য যাতায়াত কষ্টসাধ্য হয়ে পড়বে।
Reporter Name 


















