নিজস্ব প্রতিবেদক : গৌরনদী (বরিশাল):আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপি চেয়ারপার্সোনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপনকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছে গণঅধিকার পরিষদ। এ উপলক্ষে গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০২ ফেব্রুয়ারি) রাত আটটায় বরিশাল-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম জহির উদ্দিন স্বপনের প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এ সভা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। সভায় স্থানীয় রাজনৈতিক সম্প্রীতি, গণতান্ত্রিক ঐক্য ও উন্নয়ন ভাবনা বিশেষ গুরুত্ব পায়।
গণঅধিকার পরিষদের গৌরনদী উপজেলা সভাপতি সাংবাদিক সোলায়মান তুহিন–এর সভাপতিত্বে এবং আগৈলঝাড়া উপজেলা সভাপতি মো. নাজিরুল ইসলাম–এর সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বরিশাল-১ আসনে বিএনপির নির্বাচনী মিডিয়া উপকমিটির সমন্বয়ক সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির।
গণঅধিকার পরিষদের পক্ষে একাত্মতা প্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা দেন দলের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া সম্পাদক ও নির্বাচন পরিচালনা উপকমিটির সদস্য মো. ইলিয়াস মিয়া।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের গৌরনদী উপজেলা সাধারণ সম্পাদক মো. নিশান হাওলাদার, সহ সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম উজ্জ্বল, কর্মসূচি বিষয়ক সম্পাদক মো. সজীব মল্লিক, পৌর যুগ্ম আহবায়ক মো. বাবু মৃধা, সদস্য দিপক মন্ডাল, আগৈলঝাড়া উপজেলা সাংগঠনিক সম্পাদক মো. হাফিজুল দাড়িয়া, অর্থ সম্পাদক মো. সুমন সেরনিয়াবাত, জেলা যুবঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাজন মৃধা, নলচিড়া ইউনিয়ন আহবায়ক মো. রুবেল খান, গৈলা ইউনিয়ন সভাপতি মো. সালাম মোল্লা, সাংগঠনিক সম্পাদক কাওছার হোসেন, ছাত্র অধিকার পরিষদের গৌরনদী উপজেলা সভাপতি মেহেদী হাসান তানভীরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি এম জহির উদ্দিন স্বপন তার বক্তব্যে বলেন, গৌরনদী–আগৈলঝাড়ার মানুষ সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। আমি বিশ্বাস করি, এই এলাকার জনগণ উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার পক্ষে ঐক্যবদ্ধ থাকবে। গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ আজ যে সৌহার্দ্য ও সহযোগিতার বার্তা দিয়েছেন, তা আগামী দিনের রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। আমরা বিভক্তির রাজনীতি নয়, ঐক্যের রাজনীতি করতে চাই, মানুষের অধিকার ও উন্নয়নের রাজনীতি করতে চাই।