প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৬, ৩:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৩, ২০২৬, ২:০০ পি.এম
বরিশাল বিভাগে বিএনপির বিশাল জয় : ২১ আসনের ১৮টিতেই জয়ী বিএনপি জোট

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল বিভাগে বিশাল সাফল্য পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিভাগের মোট ২১টি সংসদীয় আসনের মধ্যে বিএনপি এককভাবে ১৬টি আসনে জয়লাভ করেছে। এছাড়া জোটের শরিক ও অন্যান্য মিত্র দলসহ বিএনপি নেতৃত্বাধীন জোটের দখলে গেছে মোট ১৮টি আসন।
নির্বাচনী ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, বরিশাল বিভাগের ৬টি জেলার মধ্যে বরিশাল ও ঝালকাঠি জেলায় ক্লিন সুইপ করেছে বিএনপি। পটুয়াখালী, ভোলা ও পিরোজপুরেও বড় জয় পেয়েছে তারা। তবে জোটের বাইরে এই বিভাগে ইসলামি আন্দোলন বাংলাদেশ, জামায়াতে ইসলামী এবং গণ অধিকার পরিষদও জয়ের মুখ দেখেছে।
বিজয়ীদের তালিকা ও ফলাফল:
- বরিশাল জেলা: এই জেলার ৬টি আসনের সবকটিতেই বিএনপি জয়ী হয়েছে। বিজয়ীরা হলেন— জহির উদ্দিন স্বপন (বরিশাল-১), এস শরফুদ্দিন আহমেদ (বরিশাল-২), জয়নুল আবেদীন (বরিশাল-৩), রাজিব আহসান (বরিশাল-৪), মজিবুর রহমান সারওয়ার (বরিশাল-৫) এবং আবুল হোসেন খান (বরিশাল-৬)।
- ঝালকাঠি জেলা: এখানেও ২টি আসনেই বিএনপি জয়ী। বিজয়ীরা হলেন— রফিকুল ইসলাম জামাল (ঝালকাঠি-১) এবং ইসরাত সুলতানা ইলেন ভূট্টো (ঝালকাঠি-২)।
- ভোলা জেলা: ৪টি আসনের মধ্যে ৩টিতে বিএনপি জয়ী। বিজয়ীরা হলেন— হাফিজ ইব্রাহিম (ভোলা-২), হাফিজ উদ্দিন আহমদ (ভোলা-৩) এবং নুরুল ইসলাম নয়ন (ভোলা-৪)। এছাড়া ভোলা-১ আসনে জয়ী হয়েছেন বিজেপির আন্দালিভ রহমান পার্থ।
- পটুয়াখালী জেলা: ৪টি আসনের মধ্যে বিএনপি জয়ী হয়েছে ২টিতে— আলতাফ হোসেন চৌধুরী (পটুয়াখালী-১) এবং এ বি এম মোশাররফ হোসেন (পটুয়াখালী-৪)। পটুয়াখালী-২ আসনে জামায়াতের শফিকুল ইসলাম মাসুদ এবং পটুয়াখালী-৩ আসনে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর জয়ী হয়েছেন।
- পিরোজপুর জেলা: ৩টি আসনের মধ্যে ২টিতে বিএনপি জয়ী— আহম্মদ সোহেল মনজুর (পিরোজপুর-২) ও রুহুল আমিন দুলাল (পিরোজপুর-৩)। পিরোজপুর-১ আসনে জয়ী হয়েছেন জামায়াতের মাসুদ সাঈদী।
- বরগুনা জেলা: বরগুনা-২ আসনে বিএনপির নূরুল ইসলাম মনি জয়ী হলেও বরগুনা-১ আসনে জয় পেয়েছেন ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাহমুদুল হাসান অলিউল্লাহ।
Daily Janotarkantha