নিজস্ব প্রতিবেদক : নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া দেশের সব রাজনৈতিক দলের সভা-সমাবেশে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে সোমবার ‘নির্বাচন-পরবর্তী বাংলাদেশ: রাজনৈতিক প্রতিশ্রুতি ও বাস্তবতা’ শীর্ষক এক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সরকার, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, আইনজীবী, সাংবাদিক, মানবাধিকার কর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে এ সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)।
আইনমন্ত্রী বলেন, সরকারের সমালোচনা করার অধিকার সবার রয়েছে। নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের সভা-সমাবেশে বাধা নেই।
তিনি বলেন, বিগত সরকারের সময়ে কথা বলার অপরাধে লেখক, সাংবাদিক ও বুদ্ধিজীবীদের গ্রেপ্তারের যে সংস্কৃতি ছিল, বর্তমান সরকার সেখান থেকে বেরিয়ে এসেছে।
গুম প্রতিকার ও প্রতিরোধ আইন এবং মানবাধিকার কমিশন আইন নিয়ে সমালোচনার জবাবে মো. আসাদুজ্জামান বলেন, আগের খসড়াগুলোতে বেশকিছু অস্পষ্টতা ছিল। সেগুলো যাচাই-বাছাই করে নতুনভাবে সংসদে উপস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, সরকার আইনগুলো বাতিল বা আটকে দিচ্ছে— এমন প্রচার করা হয়েছে। তবে প্রকৃত বিষয় হলো, আইনগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন আনা হচ্ছে।
সরকারি বাহিনীর বিরুদ্ধে গুমের অভিযোগ উঠলে মানবাধিকার কমিশনের তদন্তের সুযোগ থাকবে বলেও জানান আইনমন্ত্রী। একই সঙ্গে আইনের প্রয়োগে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানি বা ভুক্তভোগী না হন, সে বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।