প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১১:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৮, ২০২৬, ২:০৬ পি.এম
এনএসআই-এর তথ্যে বরিশালে বড় অভিযান : জরিমানা ৮ প্রতিষ্ঠানকে
নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন বান্দ রোড এলাকায় মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট (কীট) ব্যবহার এবং যথাযথ সনদ না থাকার অপরাধে ৮টি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ২ লক্ষ ৮২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ১১:৩০ থেকে বিকেল ৩টা পর্যন্ত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
অভিযান সূত্রে জানা গেছে, এনএসআই বরিশাল জেলা কার্যালয়ের দীর্ঘদিনের গোপন নজরদারির ভিত্তিতে প্রাপ্ত তথ্যের আলোকে এই ঝটিকা অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব অধিকারীর নেতৃত্বে অভিযানে এনএসআই প্রতিনিধি ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি দল অংশ নেয়।
সবচেয়ে বেশি জরিমানা করা হয়েছে রংধনু ডায়াগনস্টিক সেন্টারকে (১ লক্ষ টাকা)। এছাড়া নিউ বেবিলন মেডিকেল সার্ভিসেসকে ৫০ হাজার, ইসলামিয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৪৫ হাজার, আল-আকসা হাসপাতালকে ৪০ হাজার, বরিশাল সিটি জেনারেল হসপিটালকে ২০ হাজার, হেলথ এইড ও নোভা মেডিকেল সার্ভিসেসকে ১০ হাজার টাকা করে এবং গেইন ডায়াগনস্টিক সেন্টারকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, এসব প্রতিষ্ঠানে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছিল। ল্যাবে মেয়াদোত্তীর্ণ কীট ব্যবহার করে ভুল রিপোর্ট দেওয়ার ঝুঁকি তৈরি করা হয়েছিল। এনএসআই সূত্র জানায়, জনস্বার্থে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে তাদের এই গোপন নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
Daily Janotarkantha