প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৮, ২০২৬, ৪:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৬, ২০২৬, ১১:২০ এ.এম
উজিরপুরে মৎস্য ঘেরকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৪

উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের পটিবাড়ি এলাকায় মৎস্য ঘেরকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বর্তমানে আহতরা বিভিন্ন স্থানে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ শনিবার এপ্রিল রাতে পটিবাড়ি এলাকার একটি মৎস্য ঘের নিয়ে রাহাত খন্দকার, জাকির খন্দকার ও জাহাঙ্গীর আহমেদ জহিরের মধ্যে বিরোধের সূত্রপাত হয়।
একপর্যায়ে এই বিরোধ বাকবিতণ্ডা থেকে হাতাহাতি এবং পরে সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হন, যাদের মধ্যে জাহাঙ্গীর আহমেদ জহির ও সরোয়ার গুজরত গুরুতরভাবে রক্তাক্ত হন।
সংঘর্ষের পরদিন ৫ এপ্রিল রবিবার সন্ধ্যায় সাতলা মুড়িবাড়ি বাজারে এক বিক্ষোভ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে গুরুতর আহত জাহাঙ্গীর আহমেদ জহিরের পরিবারসহ পটিবাড়ি ও মুড়িবাড়ি এলাকার দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ঘটনার প্রতিবাদ জানিয়ে দোষীদের বিচারের দাবি তোলেন।
মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে এলাকাবাসী রাহাত খন্দকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন। তারা অভিযোগ করেন, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় নারী কেলেঙ্কারি, চাঁদাবাজি, লুটতরাজ ও অর্থ আত্মসাৎসহ নানা অপকর্মে জড়িত। এসব কর্মকাণ্ডের কারণে এলাকাবাসী চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলেও তারা দাবি করেন।
বক্তারা আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ড থেকে রক্ষা পেতে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। তারা দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সাতলা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আতিকুল ইসলাম নান্নু বালী, ৯ নং ওয়ার্ড সভাপতি আতাহার বিশ্বাস, সাতলা ইউনিয়ন যুবদলের সদস্য হাসিব বিশ্বাস, মামুন হাওলাদার, জাকির খন্দকার, আল আমীন, শাওন বাইন, এমদাদ বিশ্বাস, কাঞ্চন মোল্লা, ফার্মেসি ব্যবসায়ী মনোরঞ্জন বিশ্বাস, কাদের মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা ঐক্যবদ্ধভাবে এলাকার নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।
Daily Janotarkantha